ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৬

রাবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৬
×

ছবি- সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহতসহ মোট ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শিক্ষার্থী আবু সুয়াইব মোহাম্মদ জিম ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাথায় আঘাত পাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর পাঁচজন রাবি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাবি চিকিৎসাকেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার জাহান আরা সোহেলী বলেন, সংঘর্ষের ঘটনায় পাঁচজন চিকিৎসা নিয়েছেন। তাদের কেউ গুরুতর আহত ছিলেন না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, মারামারির ঘটনায় এক শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুই বিভাগের সভাপতির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শেষ ষোলোর খেলা চলছিল। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে খেলা গড়ায়। সেখানে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয় পায়। এরপর চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের গোলরক্ষক গ্যালারিতে থাকা ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। ইতিহাস বিভাগের গোলরক্ষক এর প্রতিবাদ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতিতে ইতিহাস বিভাগের গোলরক্ষক আহত হন।

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, খেলাটি শুরু থেকে সুন্দরভাবেই চলছিল। টাইব্রেকারে ইতিহাস বিভাগ জেতার পর একপর্যায়ে মারামারি ও উত্তেজনা দেখা দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার বিষয়টি আমি দেখিনি, তবে পরে বিষয়টি জানতে পেরেছি।

আরও পড়ুন

×