খুলনায় গাছচাপায় নিহত ২
ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি কাঁচা বাড়ি -সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০০:০৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০১:১৮
ঘূর্ণিঝড়ের সময় খুলনার দাকোপ ও দিঘলিয়া উপজেলায় গাছচাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও ঝড়ে কয়রা উপজেলায় সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মন্ডলের স্ত্রী প্রমীলা মন্ডল (৫২) শনিবার রাতে সাইক্লোন শেল্টারে ছিলেন। রোববার সকালে তিনি বাড়িতে ফেরার পর পৌনে ১০টার দিকে গাছচাপা পড়ে নিহত হন। এদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে সকালে ঘূর্ণিঝড়ের সময় আলমগীর হোসেন নামে একজন গাছচাপা পড়ে নিহত হয়েছেন।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাকোপ উপজেলায় অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই সংখ্যা এখনও নির্ণয় করা যায়নি।
স্থানীয়রা জানায়, ঘর বাড়ির পাশাপাশি অনেক গাছপালা ভেঙে পড়েছে। ক্ষেতের ধান মাটিতে শুয়ে গেছে।
- বিষয় :
- ঘূর্ণিঝড়
- বুলবুল
- ঘূর্ণিঝড় বুলবুল
- গাছচাপায় নিহত
