ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দুই ছিনতাইকারী ছুরি ঠেকিয়ে সব নিয়ে গেল রিকশাযাত্রীর

দুই ছিনতাইকারী ছুরি ঠেকিয়ে সব নিয়ে গেল রিকশাযাত্রীর
×

চট্টগ্রাম কোতোয়ালি থানার পেছনে ছিনতাইয়ের ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৪৫

চট্টগ্রাম নগরে দিনের বেলা ছিনতাইয়ের শিকার হয়েছেন এক রিকশাযাত্রী। দুই ছিনতাইকারী ছুরি ঠেকিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মানুষশূন্য সড়কে একটি রিকশা থামিয়ে দুই ছিনতাইকারী যাত্রীর টাকাপয়সা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিচ্ছে। ছিনতাইয়ের দৃশ্য পাশের একটি ভবন থেকে ভিডিও করেন এক ব্যক্তি। ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি বলেন, ‘আরে ভাই, দিতাছি তো, ঘাই মারতেছেন কেন’। তবে রিকশাচালককে কিছুই করেননি ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের দৃশ্য দেখে আশপাশের ভবন থেকে বাসিন্দারা ‘এই, এই, মার-মার’ চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা যাত্রীকে ছেড়ে দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ছিনতাইয়ের ভিডিওটি ফেসবুকে দেখেছি। পুলিশ এ নিয়ে খোঁজখবর করছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। সতীশ বাবু লেনে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
 

আরও পড়ুন

×