সেই সাব-রেজিস্ট্রারের জামিন নামঞ্জুর
ছবি- সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘ফাঁদ’ অভিযানে ঘুষের দুই লাখ টাকাসহ আটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান জামিন পাননি। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। একই সঙ্গে তাঁকে কারা ফটকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশও দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম বলেন, ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদনও নাকচ করা হয়েছে।