পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
মো. অনিরুজ্জামান অনিক। ছবি: সংগৃহীত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৮
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নাশকতার চক্রান্ত ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির সহসভাপতি আকতারুজ্জামান ফুলুর ছেলে।
মামলার নথি ও পুলিশের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন। তারা এলাকায় বড় ধরনের নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ পুলিশের।
সংবাদ পেয়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে বেলা ১টা ৫ মিনিটে কয়েকজন সেখানে জড়ো হয়ে উসকানিমূলক বিভিন্ন স্লোগান দেন।
পুলিশের অভিযোগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে এবং সংগঠনগুলোকে সংগঠিত করার চেষ্টা করতে দেখা গেছে।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অনিককে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনে মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকায় আটক অনিকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে।