ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

সুনামগঞ্জে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০১

সুনামগঞ্জে সমকাল-বিএফএফের ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক পূর্বা পাল।

বুধবার সকাল থেকে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবে জেলার আটটি বিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়। বিজ্ঞানের কল্যাণ-অকল্যাণ নিয়ে যুক্তি-তর্কে মুখর হয়ে ওঠে দুই মিলনায়তন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়গুলো হলো সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, আমবাড়ি উচ্চ বিদ্যালয়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুল।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। এ সময় তিনি বলেন, পাঠ্যবইয়ের বাইরের শিক্ষামূলক কার্যক্রমে যারা নিজেদের সমৃদ্ধ করবে, ভবিষ্যতের বাস্তব জীবনে তারা এগিয়ে থাকবে। বিতর্কের মতো কার্যক্রম শিক্ষার্থীদের কথা বলার জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে।

চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার এবং লেখক-সাংবাদিক সৌরভ ভূষণ দেব।

দিনব্যাপী বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর শর্মা চৌধুরী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল সুমন, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চিত্ত রঞ্জন দাস।

বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন ও যুগ্ম সম্পাদক অমিত রায়। আয়োজনে সহযোগিতা করেন সুহৃদ মুশফিকুর রহমান স্বপন, তুর্য দাস, মহিম উদ্দিন রবিন, আদনান সামি ফাহিম, নাজমুল ইসলাম খান, তাহমিদুল হক ও রাহি।

আরও পড়ুন

×