ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জিলা স্কুল

ময়মনসিংহে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জিলা স্কুল
×

ছবি- সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:১৬

ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। রানার্সআপ হয়েছে হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাগ্নিক সরকার।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় শুরু হয় প্রথম রাউন্ডের বিতর্ক। এতে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রথম রাউন্ডের বিজয়ী হয়ে সেমিফাইনালে ওঠে হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল।

সেমিফাইনালের পর ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জিলা স্কুল।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এবং ময়মনসিংহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মাহবুব রেজা করিম মুরাদ সিআইপি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. মশিউল আলম।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

আরও পড়ুন

×