ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কাফনের কাপড় পরে অনশন, নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

কাফনের কাপড় পরে অনশন, নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক
×
×

 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৩৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১০:৫৬

| প্রিন্ট সংস্করণ

গোয়েন্দা সংস্থার ‘নেতিবাচক প্রতিবেদনে’ আটকে থাকা ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২২ প্রার্থীর মধ্যে ২০ জন নিয়োগপত্র পেয়েছেন।
গত বুধবার দিনভর কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালনের পর মধ্যরাতে জেলা ডিপিইও ওয়েবসাইটে তাদের নিয়োগ-সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও উদ্বেগ কাটিয়ে নিয়োগ পাওয়া ২০ জন স্বস্তি প্রকাশ করেছেন। 

নিয়োগপত্র পাওয়ার পর কাজী অনিক নামে এক প্রার্থী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মধ্যরাতে ওয়েবসাইটে আমাদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের মধ্যেই আমরা কর্মস্থলে যোগদান করব।’

তবে নিয়োগ না পাওয়া গফরগাঁওয়ের জাহিদ হাসান বলেন, ‘সারাদিন চেষ্টা করেও জানতে পারলাম না কেন আমার নিয়োগ আটকে গেল। আমি কোনো রাজনৈতিক পদ-পদবিতে ছিলাম না। অপরাধ না করেও কেন বঞ্চিত হলাম, বুঝতে পারছি না।’

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরপরই গত বুধবার রাতে ২০ জনের নিয়োগপত্র ইস্যু ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে অপর দুই প্রার্থীর বিষয়ে এখনও ওপর মহল থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন

×