ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দিনদুপুরে রেলওয়ের তার চুরি রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ

দিনদুপুরে রেলওয়ের তার চুরি রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ
×
×

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:৪৫

| প্রিন্ট সংস্করণ

ছাতক বাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাটির নিচে থাকা মূল্যবান তামার তার চুরি গেছে। এ ঘটনায় চুরির অভিযোগ উঠেছে রেলেরই কয়েক কর্মীর বিরুদ্ধে। ছুটির দিনে রেলওয়ের কয়েকজন কর্মী পুরোনো একটি ট্রান্সফরমারের স্থানে মাটি খুঁড়ে তামার তার বের করে নেন বলে স্থানীয়দের অভিযোগ। এলাকাবাসীর দাবি, সেখানে কী ধরনের বৈদ্যুতিক ত্রুটি ছিল, আর্থিং লিকের বিষয়ে কোনো কারিগরি পরীক্ষা বা প্রতিবেদন রয়েছে কিনা– এসব বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। 
জানা যায়, ছাতকে রাস্তার পাশে রেলওয়ে বিভাগের বড় একটি ট্রান্সফরমার ছিল। সেটি অনেক আগেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তুলনামূলক ছোট একটি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। বর্তমানে ওই ছোট ট্রান্সফরমারটিও বিকল অবস্থায় পড়ে রয়েছে।

গত শনিবার সকাল থেকে রেলওয়ে বিভাগের শ্রমিক আমির হোসেন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম ও দেলোয়ার হোসেনসহ কয়েকজনকে ওই স্থানে মাটি খুঁড়তে দেখা যায়। ছুটির দিনে আর্থিং লিক মেরামতের কথা বলে রেলওয়ের কর্মীরা ওই স্থানে মাটি খোঁড়েন। পরে মাটির নিচে থাকা মূল্যবান তামার তার তুলে নেন।
রেলওয়ের একটি সূত্র জানায়, রেলওয়ের বিদ্যুৎ সংযোগের বিপরীতে স্থানীয় বিদ্যুৎ বিভাগ থেকে নিয়মিত মাসিক বিদ্যুৎ বিল আসে। এ অবস্থায় রেলওয়ের বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট ট্রান্সফরমারটি যদি বর্তমানে বিকল বা অচল হয়ে থাকে, তাহলে মাটির নিচে থাকা পুরোনো তামার তার বের করার জন্য কেন মাটি খোঁড়া হলো– এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 
জানতে চাইলে ছাতক রেলওয়ে ইলেকট্রিক ফোরম্যান মো. আসাদুজ্জামান বলেন, সেখানে আর্থিং লিক হয়েছিল এবং সেটি ঠিক করার কাজ করা হয়েছে। তবে মাটির নিচ থেকে তামার তার কাটার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
রেলওয়ের (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×