ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শরতের বিকেলে সুর-ছন্দ-রং

শরতের বিকেলে সুর-ছন্দ-রং
×
×

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদ আয়োজিত শুক্রবারের অনুষ্ঠানে শিশুশিল্পীরা সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

শরতের নরম রোদ তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে হালকা শীতের আগমনী বার্তা। এমন স্নিগ্ধ ও মায়াময় বিকেলে গতকাল শুক্রবার চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বসেছিল সংস্কৃতির বর্ণিল আসর।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে গতকাল শুরু হয় দুই দিনব্যাপী বৈচিত্র্যের উৎসব। পাহাড়ি, সমতল ও লোকজ গান, কবিতা, নৃত্যের সঙ্গে বাঙালি ঐতিহ্যের অনন্য উপস্থাপন ছিল এই আয়োজনে। যা প্রাণ ভরে উপভোগ করেছেন উপস্থিত সবাই।

উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ মাঠ পরিণত হয় কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও প্রেমীদের মিলনমেলায়।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে মঞ্চে একে একে পরিবেশিত হয় ধামাইল, ঝুমুর, সাঁওতালদের ঐতিহ্যবাহী বাহা নৃত্য, মণিপুরি-ত্রিপুরাদের হোজাগিরি ও সমবেত নৃত্য।
এ ছাড়া মঞ্চে ছিল নাট্য পরিবেশনা, সংগীতানুষ্ঠান ও গাজির গীত। প্রখ্যাত শিল্পী লালন দেবের সংগীত পরিবেশনা দর্শকদের মধ্যে সৃষ্টি করে বাড়তি আনন্দ। মঞ্চের গান ও নৃত্যের সঙ্গে দর্শকদের হাততালিতে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
 

আরও পড়ুন

×