টিফিনের টাকায় উড়ল সামিউলের বিমান
মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপাড়া গ্রামে নিজের তৈরি প্লেন চালাচ্ছে সামিউল সমকাল
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
আকাশে উড়ছে আস্ত এক বিমান। তবে এটি বাস্তব কোনো যাত্রীবাহী উড়োজাহাজ নয়। এক অদম্য কিশোরের হাতে বানানো খুদে বিমান। বিস্ময় জাগানো এই কিশোরের নাম সামিউল ইসলাম। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের শহিদুল ইসলাম ও আমিনা বেগম দম্পতির সন্তান।
কৌতূহল থেকে শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামিউলের কাজের শুরু। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয় সে। টিফিনের জমানো টাকা দিয়ে কেনে যন্ত্রাংশ। পরে বাবা ও চাচার সহায়তায় ১৫ হাজার টাকায় বানায় ৫৪ ইঞ্চির একটি রিমোট চালিত বিমান। এটি আকাশে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।
শুরুতে বাধা এসেছিল। পড়াশোনার ক্ষতি হবে এমন আশঙ্কায় ধমকও শুনতে হয়েছে। সামিউল দমে যায়নি। শেষমেশ বানিয়ে ছাড়ে স্বপ্নভেলা। সামিউল জানায়, তার স্বপ্ন বড় হয়ে বিমান প্রকৌশলী হবে। মানুষ বহনে সক্ষম বড় উড়োজাহাজ বানানোর ইচ্ছে তার।
সামিউলের সাফল্যে দারুণ গর্বিত তার সহপাঠীরা। এলাকার মানুষ প্রতিদিন ভিড় করছে তাকে দেখতে। ছেলের এমন কৃতিত্বে আবেগাপ্লুত সামিউলের মা। তিনি সরকারি সহায়তার আকুতি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ জানান, সামাজিক মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। মেধার বিকাশে প্রাতিষ্ঠানিক আবেদন করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
- বিষয় :
- বিমান