রুয়েটে অনুষ্ঠিত হলো কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০
ছবি-সংগৃহীত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২২:৫১
প্রকৌশল জ্ঞান, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক দক্ষতার সমন্বয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে শুক্রবার এ আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় কার্নিভালের আনুষ্ঠানিক কার্যক্রম। বিইসিএম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
কার্নিভালে প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনার বিভিন্ন বাস্তবভিত্তিক ক্ষেত্রকে কেন্দ্র করে পাঁচটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হলো—CAD Expert, Management Maestro, Poster Presentation, Mechamind ও Truss Combat। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান, সৃজনশীলতা, সমস্যা সমাধান, ব্যবস্থাপনা ও বাস্তব প্রকৌশল প্রয়োগের দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করে বলেও তিনি উল্লেখ করেন।
বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান শায়লা শারমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের প্রকৌশলভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতাগুলোর মধ্যে Truss Combat ও Mechamind-এ প্রকৌশল ধারণার ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। CAD Expert-এ কম্পিউটারভিত্তিক নকশা প্রণয়ন, Management Maestro-তে ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং Poster Presentation-এ সৃজনশীলভাবে ধারণা ও প্রকল্প উপস্থাপনের সুযোগ পান শিক্ষার্থীরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে মোট এক লাখ টাকা প্রাইজমানি বিতরণ করা হয়। রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করাই ছিল কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০-এর অন্যতম উদ্দেশ্য।
- বিষয় :
- রুয়েট