ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চুয়েটে ১৩তম দিনে ‘শাটডাউন’: সমাধানের আশায় শিক্ষক-কর্মচারীরা

চুয়েটে ১৩তম দিনে ‘শাটডাউন’: সমাধানের আশায় শিক্ষক-কর্মচারীরা
×

ছবি: সমকাল

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০১:২৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ০১:৩০

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ১৩ দিন ধরে ‘শাটডাউন’ চলছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম। অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনও। তবে গতকাল রোববার শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না।

এদিকে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি অব্যাহত রয়েছে তাদের কর্মবিরতি।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা জানান, গত শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তবে সরকারের কোন পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সামিউন বাসির বলেন, ‘শনিবার চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনায় অংশ নেন। আলোচনায় চুয়েটের বর্তমান পরিস্থিতি এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। প্রতিনিধিরা দাবিটির পক্ষে বিভিন্ন যুক্তি ও বাস্তবতাও তুলে ধরেন।’

তিনি আরও বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত ধৈর্য, আন্তরিকতা ও পর্যাপ্ত সময় নিয়ে শুনেছেন এবং প্রতিনিধিদের বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। আমরা আশা করি, উপস্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।’

চলমান সংকটের বিষয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের সার্বক্ষণিক পরামর্শ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসংহত সমন্বয়ের মাধ্যমে আমরা এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছি। অচিরেই আমরা সফল হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

×