যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:১৩
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪৫) নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোরে উপজেলার বাঘারদাড়ি গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি চোরচক্র প্রবেশ করে। গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ই চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। এ সময় দলের দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন বিক্ষুব্ধ জনতা।
পরে গণপিটুনিতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় শনাক্ত হয়নি। পিবিআই ও সিআইডির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।