ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের আরও ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের আরও ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার
×

কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৫৭

কুমিল্লায় তিনটি কিশোর গ্যাংয়ের আরও পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কোতোয়ালি থানা এলাকার স্ম্যাশ স্কোয়াড গ্রুপের জিসান (১৯)। তিনি নগরীর তেলিকোনা এলাকার জিলানীর ছেলে। একই গ্রুপের সাইফুল ইসলাম (২০)। তিনি শহরতলীর আড়াইওড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

চৌদ্দগ্রাম উপজেলার ১২০৭ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯)। তিনি উপজেলার নলিশ্বর গ্রামের আব্দুল মালেকের ছেলে। একই গ্রুপের মো. জাফর আহমদ (২৩)। তিনি একই উপজেলার কোমারডোগা গ্রামের মো. আলীর ছেলে। এছাড়া মনোহরগঞ্জ উপজেলার পিএক্স ১০ গ্রুপের মো. শাকিব (১৭)। তিনি উপজেলার পোমগাঁও গ্রামের তবু মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। সর্বশেষ গত শুক্রবার (২ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত পাঁচ দিনের পৃথক অভিযানে দুই সহস্রাধিক কিশোর গ্যাং সদস্যসহ মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে। এদের মধ্যে ৮৩৩ জনকে আদালতে সোপর্দ এবং যাচাই-বাছাই করে মুচলেকা নিয়ে ১ হাজার ২০৯ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুচলেকা নিয়ে যাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই ছাত্র।

আরও পড়ুন

×