রাতের আধারে ৭০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
রাতের আধারে কলাগাছ কাটে দুর্বৃত্তরা। ছবি: সমকাল
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৪:২১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের খালপাড়ে রাতের আঁধারে তিন কৃষকের প্রায় ৭০০ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে বিষয়টি কৃষকদের নজরে আসে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় কলা গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক মো. আতিয়ার রহমান জানান, আমি দিনমজুরির কাজ করে সংসার চালাই। দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে সেভাবে কাজও করতে পারি না। বাড়ির পাশে ফজলুল হক খালের পাড়ে প্রায় ২০০ কলা গাছ রোপণ করি। গাছগুলো থেকে কিছুদিনের মধ্যে কলা আসবে। কিন্তু সকালে স্থানীয় একজন কৃষক মোবাইলে জানান, তার কলা গাছগুলো কে বা কাহারা কেটে দিয়েছে।
আরেক কৃষক তুফান আলি জানান, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। কিন্তু আমারও ২২০টি কলাগাছ কারা রাতের আধারে কেটে দিয়েছে। এতে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা