বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক
কুড়িগ্রামে বিজয়ী বর্ডার গার্ড পাবলিক স্কুল
ছবি-সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২১:০৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ২১:১১
কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
দিনভর বিতর্কের মঞ্চে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও উদাহরণ তুলে ধরে। প্রতিপক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে পাল্টা যুক্তি উপস্থাপন, তথ্যের ব্যবহার এবং সাবলীল উপস্থাপনায় নিজেদের চিন্তাশক্তি, উপস্থিত বুদ্ধি ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয় তারা।
প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল, বর্ডার গার্ড পাবলিক স্কুল, নীলারাম স্কুল অ্যান্ড কলেজ, করিমের খামার উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি রাবাইতারি এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল ও বর্ডার গার্ড পাবলিক স্কুল। যুক্তি, তথ্য ও উপস্থাপনায় এগিয়ে থেকে বিজয়ী হয় বর্ডার গার্ড পাবলিক স্কুল। বিজয়ী দলের শাহরিয়ার হোসেন, তাসফিয়া জান্নাত ত্বোহা ও নাইফ আব্দুল্লাহ নীড় প্রতিযোগিতায় অংশ নেয়। রানার্সআপ দলের সদস্য ছিলেন রাজিব হোসেন, আবু ওয়াসি ও আমিনুর ইসলাম।
ব্যক্তিগত নৈপুণ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের শাহরিয়ার হোসেন।
আয়োজনে মডারেটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সাধনা সরকার। বিচারকের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পুনম জামান, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন মিয়া এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মুজাহিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক শফি খান, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সমকালের উলিপুর প্রতিনিধি মোন্নাফ আলী ও চিলমারী সংবাদদাতা রিয়াদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি খোঁজা এবং নিজের মতামত উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তার সক্ষমতাও বাড়ে।
উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের যুক্তি ও পাল্টা যুক্তির মধ্য দিয়ে শেষ হয় প্রতিযোগিতা।
- বিষয় :
- বিতর্ক