ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতার কাজে পথশিশু, ক্ষোভ

রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতার কাজে পথশিশু, ক্ষোভ
×
×

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত একটি শিশু সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০৮:২৫

| প্রিন্ট সংস্করণ

যে বয়সে হাতে থাকার কথা বই-খাতা, সে বয়সে ভবঘুরে হয়ে তাদের কাটাতে হচ্ছে রাজপথে। ঘুমাতে হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে। অভিযোগ উঠেছে, স্টেশনের কিছু অসাধু কর্মচারী এসব ভবঘুরে পথশিশুকে রেলওয়ের পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করছেন। বিষয়টি নিয়ে স্টেশন এলাকার ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গত সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পথশিশুকে (১২) ঝাড়ু দিতে দেখা যায়। এ ঘটনায় প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ভাসমান ছিন্নমূল শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী আপন মিয়ার বিরুদ্ধে।
স্টেশনের ব্যবসায়ী মিঠু মিয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পরিচ্ছন্নতাকর্মী আপন নিজে ‘সরদার’ সেজে ভাসমান ও পথশিশুদের দিয়ে প্রায়ই প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়ান।
জানতে চাইলে একটি শিশু জানায়, প্ল্যাটফর্ম ঝাড়ু দিলে আপন ভাই তাকে টাকা দেবে বলেছে। তাই সে কাজটা করে দিচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে ভৈরব রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী আপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ঘটনার দিন তাঁর মা অসুস্থ থাকায় সময়মতো কাজে আসতে পারেননি।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার আবু ইউছুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপন শারীরিকভাবে অসুস্থ থাকায় সে নিজে উপস্থিত থেকে অন্য লোক দিয়ে কাজ করিয়ে থাকে। তবে গতকাল সে উপস্থিত ছিল কিনা, তা আমার জানা নেই।’

আরও পড়ুন

×