ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রি
কিশোরগঞ্জে ব্যবসায়ী কারাগারে
রাজিব মিয়া । ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১১:০৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১১:০৯
সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে না পারা নিয়ে ভোক্তাদের অভিযোগের মধ্যেই কিশোরগঞ্জে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রির ঘটনা ধরা পড়েছে।
মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ বাজারে এভাবে গ্যাস ভরার সময় রাজিব মিয়া নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
এলাকাবাসী জানান, মহিনন্দ বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন রাজিব মিয়া। তিনি বিশেষ আনলোডিং যন্ত্রের সাহায্যে ১২ কেজি গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গোপনে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে দিতেন। পরে ওই সিলিন্ডারগুলো ১২ কেজি গ্যাসের নির্ধারিত দামে বিক্রি করতেন। এতে একদিকে বাড়তি সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত আয় করতেন তিনি, অন্যদিকে ক্রেতারা ১২ কেজির সিলিন্ডার মনে করে প্রতারিত হতেন।
রাজিব মিয়া একইভাবে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, রাজিব মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। বিশেষ যন্ত্রের সাহায্যে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে পরে তা ক্রেতাদের কাছে বিক্রি করতেন।
ইউএনও জানান, আটকের পর রাজিব মিয়া স্বীকার করেছেন, একটি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরতেন। এভাবে তিনি দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিলেন।
পরে ইউএনওর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, সরকার নির্ধারিত দামে ১২ কেজি গ্যাস সিলিন্ডার না পাওয়ার অভিযোগ রয়েছে ভোক্তাদের। সম্প্রতি ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।