পদ্মায় প্রাণের উৎসব
পদ্মা নদীতে আয়োজিত নৌকাবাইচে উৎসুক জনতার ভিড়। ছবিটি গতকাল বুধবার রাজশহাীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজার এলাকা থেকে তোলা সমকাল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
পদ্মার বুকে উত্তাল তরঙ্গ। কাঁসর-ঢোলের সঙ্গে মাঝির সুর। রোদের আলোয় ঝলসে ওঠা বৈঠার কসরত। এভাবেই হাজার বছরের লোকজ ঐতিহ্য আর গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে জাগ্রত রাখতে রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও লোকজ গ্রামীণ মেলা। আগামী শনিবার পর্যন্ত পদ্মার তীরে চলবে তিন দিনব্যাপী এই প্রাণের উৎসব।
উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীতে বাইচের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, এবারের প্রতিযোগীদের উৎসাহিত করতে রাখা হয়েছে এক লাখ টাকার আকর্ষণীয় প্রাইজমানি। নৌকাবাইচকে কেন্দ্র করে বাঘা, চারঘাট, লালপুরসহ আশপাশের গোটা অঞ্চলে বইছে বাঁধভাঙা উৎসবের আমেজ। তিন দিনব্যাপী আয়োজনে ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ গানের তালে তালে কাঁধে কাঁধ মিলিয়ে জলতরঙ্গে নৌকা ছোটাবেন মাঝিমাল্লারা। নদীর দুই তীরে হাজারো মানুষ সাক্ষী হবেন এই বীরত্বগাথার।
আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে নদীসংলগ্ন এলাকায় বসেছে বিশাল গ্রামীণ মেলা। মাটি আর মাটির গন্ধে মাখানো লোকজ মেলায় স্থান পেয়েছে মৃৎশিল্প, কাঁসা-পিতল, গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে শিশুদের মনকাড়া হরেক রকমের খেলনা ও মুখরোচক মিষ্টির পসরা।
স্থানীয়দের মতে, ২০২৩ সালের পর দীর্ঘ তিন বছর বিরতি দিয়ে আবারও বর্ণিলভাবে এই মেলার আয়োজন করা হয়েছে। ফলে ওই অঞ্চলের ঘরে ঘরে এখন স্বজনদের মেলা। সরেরহাট গ্রামের ৫৫ বছর বয়সী এমরান আলী সরকার আনন্দের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘নৌকাবাইচ দেখতে বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনরা এসেছে। এ উৎসব আমাদের গ্রামে এক অপূর্ব মিলনমেলার রূপ নেয়।’
মেলার স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীরা জানান, এ মেলায় নারী ও শিশুদের উপস্থিতি থাকে সবচেয়ে বেশি। বছরের এই নির্দিষ্ট দিনগুলোতে বেচাকেনা ভালো হওয়ায় বাড়তি আয়ের মুখ দেখেন তারা।
আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে বাংলার হারিয়ে যাওয়া শিকড়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি এক ঐতিহাসিক জনসমাগমে রূপ নেবে।’
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় রয়েছেন বিএনপি নেতা মাসুদ করিম টিপু, জাহিদুল ইসলাম স্বপন ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি। তিন দিনব্যাপী এ আয়োজনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
সার্বিক নিরাপত্তার বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, উৎসবমুখর পরিবেশে মেলা ও প্রতিযোগিতা সম্পন্ন করতে পুরো মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ এবং গ্রাম পুলিশের সমন্বয়ে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
- বিষয় :
- উৎসব পালন