ফরিদপুরে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১৮:০২
ফরিদপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। আর সেরা বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশে আয়োজিত এ উৎসবে ফরিদপুরের আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সহযোগিতায় ছিল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
সকাল থেকে দুপুর পর্যন্ত তিন পর্বে নকআউট পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ফরিদপুর জিলা স্কুল, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বিদায় নেয়। সেমিফাইনাল পর্যন্ত লড়াই করে পুলিশ লাইন্স হাই স্কুল ও এম এ আজিজ হাই স্কুল।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্য এবং সেরা বক্তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার পংকজ সরকার সুরাজ ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৌমিত্র মজুমদার পলাশ ও জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, রওশন আরা দীপ্তি, অনিক, সাম্যসহ সদস্যরা।
ফরিদপুর ডিবেট ফোরামের সদস্যরা প্রতিযোগিতার সার্বিক আয়োজনে সহযোগিতা করেন। বিচারক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনটির সহসভাপতি মো. সালাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নাসিম, দপ্তর সম্পাদক ফারাহ হক ধারা ও প্রচার সম্পাদক রাব্বি শেখ।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল