চাঁদপুরে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৮:২২ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১৮:৪৬
চাঁদপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাইরা ইসলাম বহরদার।
বৃহস্পাতিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়।
বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. ইকবালুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম, উদয়ন শিশু একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহসভাপতি মো. মহিবুর রহমান খান ও আবু সায়েমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. জিহাদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. তাহসিন বায়েজিদ মুন্সী এবং সাবেক বিতার্কিক ও বিচারক মিঠুন চন্দ্র ত্রিপুরা।
জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. খায়রুল আহ্ছান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতার সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল