ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ
×
×

পাবনা অফিস

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৫৮

| প্রিন্ট সংস্করণ

পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে পাবনা জজ কোর্ট থেকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লষ্করপুর টার্মিনাল এলাকায় হামলার শিকার হন তিনি। এই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

নবী নেওয়াজ গাজী টিভির পাবনা জেলা প্রতিনিধি। লিখিত অভিযোগে তিনি বলেন, সংবাদ প্রকাশ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় ইবাদ শেখ, আমিন উদ্দিন, মিলন গোবিন্দ চৌধুরীসহ কয়েকজন তাঁকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে ইবাদ শেখ তাঁকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তিনি দুই হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে হাতে আঘাত লাগে বলে অভিযোগ করেন। পরে অভিযুক্তরা তাঁকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। এ সময় তাঁর পকেটে থাকা টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন নবী নেওয়াজ। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা নবী নেওয়াজকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন তিনি। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন নবী নেওয়াজ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইবাদ শেখ। সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
পাবনা সদর থানার পরিদর্শক নাহিরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×