ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বন্ধ্যত্ব চিকিৎসার সফলতা নিয়ে সেমিনার

আইইউআই ও আইভিএফ পদ্ধতিতে ৯১ দম্পতির স্বপ্নপূরণ

আইইউআই ও আইভিএফ পদ্ধতিতে ৯১ দম্পতির স্বপ্নপূরণ
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ২০:৩৯

চট্টগ্রামে বন্ধ্যত্ব চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নগরের লিন নিসা ফার্টিলিটি সেন্টারে আইইউআই (ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন) ও আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে চিকিৎসা নিয়ে ৯১টি ক্ষেত্রে গর্ভধারণের ইতিবাচক ফল পাওয়া গেছে।

আয়োজকদের তথ্যমতে, সেন্টারে আইইউআই পদ্ধতিতে চিকিৎসা নেওয়া ৪৪৬ জনের মধ্যে ৭৮ জনের এবং আইভিএফ পদ্ধতিতে ৬৮ জনের মধ্যে ১৩ জনের ক্ষেত্রে গর্ভধারণ সফল হয়েছে।

শুক্রবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ের লিন নিসা ফার্টিলিটি সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত ‘বন্ধ্যত্ব চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, আমাদের অবস্থান ও ভবিষ্যতের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের চিফ কনসালট্যান্ট ও সায়েন্টিফিক ডিরেক্টর ডা. রেশমা শারমীন।

সেমিনারে মূলবক্তব্যে ডা. রেশমা শারমীন বলেন, ‘আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির ফলে বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তবে প্রতি দম্পতির শারীরিক অবস্থা এক নয়; তাই নিখুঁত মূল্যায়নের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা অত্যন্ত জরুরি। আইইউআই ও আইভিএফ পদ্ধতিতে আমাদের এই সাফল্য চট্টগ্রাম অঞ্চলের রোগীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’ তিনি আরও উল্লেখ করেন, সন্তান ধারণের এই দীর্ঘ যাত্রায় রোগীদের ধৈর্য ও ইতিবাচক মনোভাবের পাশাপাশি চিকিৎসকদের প্রমাণভিত্তিক সমন্বিত সেবা প্রদান আবশ্যক।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আল নোমান মোহাম্মদ ইউনুস অত্যাধুনিক চিকিৎসার প্রযুক্তিগত দিক তুলে ধরে জানান, সেন্টারে ল্যাবরেটরিতে সরাসরি একটি শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করানোর আধুনিক ‘আইসিএসআই মাইক্রোম্যালিপুলেটর’ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া ভ্রূণকে গবেষণাগারে পঞ্চম দিন পর্যন্ত কৃত্রিমভাবে বৃদ্ধি করা, জরায়ুর অভ্যন্তরীণ সমস্যা শনাক্তে ‘অফিস হিস্টোরোস্কোপি’ এবং পুরুষের প্রজনন স্বাস্থ্যের নিখুঁত মূল্যায়নে ‘অ্যান্ড্রোলজি’ ও শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন পরীক্ষার সুবিধা রয়েছে।

পরিচালক মুহাম্মদ আবুল হাসেম জানান, নারী ও পুরুষ উভয়ের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক সমন্বিত চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও জীবনযাপন পরিবর্তনের ক্ষেত্রেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিন নিসা ফার্টিলিটি সেন্টারের পরিচালক মুহাম্মদ আবুল হাসেম, আবদুল মোসাবির হাবিব এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শেফায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

×