ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জিম্মি করে দুই জামায়াত নেতার ওপর হামলা

জিম্মি করে দুই জামায়াত নেতার ওপর হামলা
×
×

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতার ওপর হামলা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের বড়পুকুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন–ইউনিয়ন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাকারিয়া রুবেল (৩৫) ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া (৪৫)। দলীয় সূত্রের ভাষ্য, মাওলানা মোহাম্মদ জাকারিয়া আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাতে এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এরশাদ আলীর বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নেন জাকারিয়া রুবেল ও মাওলানা মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথে পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে ৭-৮ জনের মুখোশধারী তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় জাকারিয়া রুবেলের ডান হাতে ছুরিকাঘাত করা হয়। মাওলানা জাকারিয়াকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। 
জাকারিয়া রুবেলের ভাষ্য, তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে দুর্বৃত্তরা দুই নলা বন্দুক ধরে জিম্মি করে ফেলে। পরে তাঁর ডান বাহুতে ছুরি দিয়ে আঘাত করে। মাওলানা জাকারিয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তারা চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। 
সাতকানিয়া থানার ওসি মো. আবদুল আলীম গতকাল শুক্রবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন

×