‘নিরাপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়’
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৬:৪২
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এজিএম মনিরুল হাসান সরকার বলেছেন, নিরাপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার প্রকৃত অপরাধীও যেন ছাড়া না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন করতে হবে। যার ওপর যে দায়িত্ব রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে পালন করাই দেশপ্রেম। ন্যায়বিচার নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আইনের অধীনে থেকে জবাবদিহিও নিশ্চিত করতে হবে।
শনিবার সিএমএম আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ফোকাল পারসন মো. মহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, আনসার-ভিডিপির পরিচালক আমিন উদ্দিন, উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী, মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হাসাইন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল আলম, মহানগর এলাকার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমএম আরও বলেন, মামলার তদন্তকাজে তদন্তকারী কর্মকর্তাকে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করতে বাধ্য। কেউ অসহযোগিতা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।