বিশেষজ্ঞ নেই, মশার ওষুধ পরীক্ষা না করেই ফিরে গেলেন কেসিসি প্রশাসক
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২০:৩০
সিদ্ধান্ত ছিল কীটতত্ববিদ, কীটনাশক বিশেষজ্ঞ, সাংবাদিক ও নাগরিক নেতাদের সামনেই নতুন মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষা করবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আজ শনিবার বেলা ১১টায় কেসিসির গ্যারেজে উড়ন্ত মশা নিধনের ওষুধ পরীক্ষা করতে যান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কিন্তু কেসিসি কর্মকর্তারা কীটতত্ববিদ, কীটনাশক বিশেযজ্ঞ ও নাগরিক নেতাদের আমন্ত্রণ জানায়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মশার ওষুধ কীভাবে কাজ করে, ওষুধের পরিমাণ ও মান সম্পর্কে আমরা সাধারণ মানুষ কিছু বুঝি? আমাদের ধারণা নেই বলেই তো কীটতত্ববিদ, কীটনাশক বিশেষজ্ঞ রাখতে বলেছি। সবকিছু নিজেরা নিজেরা ঠিক করলে হবে না। মশক নিধন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নির্দেশনা না মানলে বা গাফিলতির প্রমাণ পেলে কারও চাকরি থাকবে না।’ পরে ওষুধ পরীক্ষা না করেই তিনি ফিরে যান।
কেসিসি থেকে জানা গেছে, সম্প্রতি ৮৪ লাখ টাকা দিয়ে তিন হাজার লিটার অ্যাডাল্টি সাইট ও অর্ধ কোটি টাকা দিয়ে দুই হাজার লিটার লার্ভিসাইট কিনেছে কেসিসি। গত ১২ সেপ্টেম্বর লার্ভিসাইট পরীক্ষায় বেশিরভাগ মশা মরেনি। তাৎক্ষণিকভাবে ওই ওষুধ ফেরত পাঠান কেসিসি। এজন্য অ্যাডাল্টি সাইট পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, অভিজ্ঞ আর বিশেষজ্ঞ এক জিনিস না, করপোরেশনের কর্মীরা দীর্ঘদিন কাজ করায় তাদের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ওষুধের মান-কীটগুলোর ওপর প্রয়োগ বোঝার জন্য কীটতত্ত্ববিদ প্রয়োজন। আগামী মঙ্গলবার কীটতত্ববিদদের সামনে পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।
- বিষয় :
- খুলনা