ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আরাফাত

চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আরাফাত
×
×

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২২:৫১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ২২:৫৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান শাটডাউন ও একাডেমিক অচলাবস্থার মধ্যেই উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমান। ১১ ও ১২ অক্টোবর দুদিনের জন্য তাঁকে এ দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে উপাচার্য শেখ শরীফুল আলম দুদিন ঢাকায় অবস্থান করবেন। এ কারণে তাঁর অনুপস্থিতিতে অধ্যাপক আরাফাত রহমানকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, ১১ ও ১২ অক্টোবর দুদিনের জন্য অধ্যাপক আরাফাত রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়, ইউজিসি, রেজিস্ট্রার, ডিন ও বিভিন্ন দপ্তরপ্রধানকে জানানো হয়েছে।

দায়িত্ব পালনের বিষয়ে অধ্যাপক আরাফাত রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে বোঝানোর চেষ্টা করব।’

এদিকে ১৯তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চলছে। দীর্ঘদিনের এই অচল অবস্থায় সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের শাটডাউনের পাশাপাশি শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা–কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।

আরও পড়ুন

×