বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেলে মা-মেয়ের
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৯:১১
সিলেট-ভোলাগঞ্জ সড়কের কেওয়াছড়া সেতু এলাকায় বাসের চাপায় ইজিবাইকের যাত্রী এক নারী ও তাঁর ৯ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের উত্তর লালবাগ এলাকার ছামির মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম (১৯) এবং তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া বেগম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস কেওয়াছড়া সেতুর পাশে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ইজিবাইকটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- সিলেট
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই