ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলা

ওমরায় গিয়ে প্রাণ হারালেন কুমিল্লার নাসরুল্লাহ

ওমরায় গিয়ে প্রাণ হারালেন কুমিল্লার নাসরুল্লাহ
×
×

মোহাম্মদ নাসরুল্লাহ বদর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২১:০৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ২১:৪৫

ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার মাদরাসা শিক্ষক মোহাম্মদ নাসরুল্লাহ বদর। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। তাঁরা দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

রোববার রাত ৮টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেন নাসরুল্লাহর ভগ্নিপতি মাওলানা মো. নাসিরুদ্দিন।

তিনি জানান, গত শনিবার ৪৫ জনের একটি কাফেলার সঙ্গে ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাসরুল্লাহ। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার ট্রানজিট ছিল তাঁদের। সেখান থেকে মক্কার উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে ক্ষেপণাস্ত্র হামলায় নাসরুল্লাহসহ ১২ জন নিহত হন বলে তিনি জানান। কাফেলার অন্য সদস্যদের মধ্যে ৩২ জন সুস্থ আছেন এবং ১৩ জন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর এলাকার মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার সহকারী অধ্যাপক ছিলেন। স্ত্রী ও দুই ছেলে জামিল (৭), জাওয়াদ (২) এবং মেয়ে নাবিলাকে (৫) নিয়ে কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নাসরুল্লাহর ভগ্নিপতি বলেন, ছোট তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। নাসরুল্লাহই ছিলেন তাঁদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তাঁরা।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, স্থানীয়দের মাধ্যমে নাসরুল্লাহর মৃত্যুর খবর পেয়েছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

×