ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম

উদ্বোধনের ২৪ ঘণ্টা না পেরোতেই দখল সাইকেল ট্র্যাক

উদ্বোধনের ২৪ ঘণ্টা না পেরোতেই দখল সাইকেল ট্র্যাক
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২১:৩৫

উদ্বোধনের ২৪ ঘণ্টা না পেরোতেই গাড়ি পার্কিংয়ের দখলে চলে যায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক। চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবন্দর সড়কে সাইকেল আরোহীদের জন্য নির্মিত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটিতে লরি, প্রাইভেটকার ও সরকারি সংস্থার গাড়ি পার্ক করে রাখার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে আজ রোববার ট্র্যাকটিতে অভিযান চালিয়ে দুটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে চসিক। জব্দ করা হয়েছে একটি গাড়ি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশ অংশ নেয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলা করা হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং সাইকেল আরোহীদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার সাইকেল ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চসিকের উদ্যোগে নির্মিত ট্র্যাকটি চালু হওয়ার পরদিনই সেখানে গাড়ি পার্কিংয়ের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুটি প্রাইভেটকারের পাশাপাশি সরকারি একটি সংস্থার গাড়িও ট্র্যাকের ওপর রাখা দেখা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শনিবার থিয়েটার ইনস্টিটিউটে জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবক উদ্বুদ্ধকরণ কমিটির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, সাইকেল ট্র্যাক উদ্বোধনের পরদিন পরিদর্শনে গিয়ে সেখানে একটি লরি দেখতে পান তিনি। এ ঘটনাকে নাগরিক দায়িত্ববোধের প্রশ্ন হিসেবে উল্লেখ করেন মেয়র।

তিনি বলেন, কেউ সাইকেল ট্র্যাক, ফুটপাত কিংবা নগরের কোনো স্থাপনা দখল করলে শুধু মেয়র বা সিটি করপোরেশনকে দোষারোপ করলেই হবে না; নাগরিকদেরও প্রতিবাদ করতে হবে। অনিয়ম দেখলে সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি তা প্রতিরোধে নাগরিক দায়িত্ব পালন করা জরুরি।

আরও পড়ুন

×