ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে তিন দুর্ঘটনায় দগ্ধ ১২

নারায়ণগঞ্জে তিন দুর্ঘটনায় দগ্ধ ১২
×
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২২:১৫

নারায়ণগঞ্জে গত শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত তিন স্থানে আগুন লাগার ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ফতুল্লায় কেমিক্যাল গোডাউনে আগুনে দুই শ্রমিক, সোনারগাঁয়ের কাঁচপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন এবং নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৯ জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
‎
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়ায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন। তারা হলেন– আনোয়ার ও শামসুল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, দুই শ্রমিকের শরীরের ৫৪ ও ৫৫ শতাংশ পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

‎সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় শনিবার রাত দেড়টার দিকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগায় চারজন দগ্ধ হন। তারা হলেন– মো. শরিফ (৩৪), তাঁর স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের শরীরে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পোড়া রয়েছে। কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
‎
আজ রোববার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ার মোড়  জিউস পুকুরপাড় এলাকায় একটি ভবনে গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে নারী-পুরুষসহ ছয়জন দগ্ধ হন। তারা হলেন– তিনতলা ভবনের তৃতীয় তলার বাসিন্দা শিখা রানী (৫৫), মনা আচার্য (৬০) ও মনার মা আশা রানী (১০০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় পাশের একটি বাড়ির বাসিন্দা পুষ্পিতা (১০), ঘরনীতাই (৬) ও নিপা (৩৫) আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

‎‎নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কাঁচপুর ও দেওভোগের  দুর্ঘটনায় মোট সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এসব দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির রান্নাঘরে গ্যাস জমে যাওয়ায় আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

আরও পড়ুন

×