সালথায় বরাদ্দের সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা
ছবি: সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২৩:৪৩
ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য সরকারের বরাদ্দ করা ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রির দায়ে মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ডিলার মোমরেজ খানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সালথা উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার সরবরাহের অ্যারাইভাল রিপোর্ট পাওয়ার পর নিয়মিত তদারকির অংশ হিসেবে ডিলারের গুদাম পরিদর্শন করেন সালথা উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় দেখা যায়, অক্টোবর মাসে ওই ডিলারের অনুকূলে বরাদ্দ করা ৪০০ বস্তা ইউরিয়া সারের মধ্যে গুদামে রয়েছে ২০০ বস্তা। বাকি ২০০ বস্তা সার গুদামে না থাকায় বিষয়টি যাচাই করা হয়। এতে বরাদ্দের ওই সার অন্যত্র বিক্রির তথ্য পাওয়া যায়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিলার মোমরেজ খান বরাদ্দের সার অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্যত্র বিক্রির মতো অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সার