ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
×
×

হৃদয় কুমার হরিজন

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:২৮

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের কর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। এর প্রতিবাদ করলে হৃদয়ের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আমিন ফোন করে কয়েকজন সহযোগীকে ডেকে আনেন। তাঁরা হৃদয়ের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত হৃদয়কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন বলেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তাঁর ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। আজ সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×