ওমরাহ পালনে সৌদিতে গিয়ে বিপাকে ঈশ্বরদীর ৫০ জন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২০:০৮
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়ে ঈশ্বরদীর ৫০ জন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। সেখানে হোটেলে তাদের অবস্থান করার সময়সীমা শেষ হওয়ায় তারা সংকটে পড়েছেন।
তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত্রিযাপনের জন্য নতুন করে বাসা খুঁজতে হচ্ছে তাদের। সৌদি আরবে অবস্থানরত ঈশ্বরদীর মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, ওমরাহ পালন শেষে ঈশ্বরদীর ৫০ জনের মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল। এর মধ্যে নারী, পুরুষ ও কয়েকজন শিশু আছে। কিন্তু রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করায় তারা আটকে পড়েছেন। সেখানে অবস্থান করা ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার বলেন, ‘আমি, আমার মা, স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে ওমরাহ পালন করতে এসেছি। ওমরাহ পালন শেষে দেশে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার আগেই বিমানবন্দরে হামলার কারণে পরিস্থিতি ওলটপালট হয়ে গেছে। থাকা-খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। মহাবিপদে পড়েছি।’
ওমরাহ পালন করতে যাওয়া ঈশ্বরদীর ইসমাইল হোসেন শাহ জানান, ৫০ জনের মধ্যে বেশ কয়েকজন ৭০ থেকে ৮০ বছর বয়সী নারী-পুরুষ রয়েছেন। কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। কবে দেশে ফিরতে পারবেন, বুঝতে পারছেন না।
ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আটকে পড়াদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজখবর রাখছি। আশা করছি, সংকট কেটে যাবে।’