ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চার বছর ধরে পাটাতন ভাঙা সেতুটি ধসে পড়ল খালে

চার বছর ধরে পাটাতন ভাঙা সেতুটি ধসে পড়ল খালে
×
×

নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে সোমবার রাতে ধসে পড়া সেতু সমকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে চার বছর আগে একটি সেতুর পাটাতনের বেশ কিছু অংশ ধসে পড়ে যায়। এ কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহালেও সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। গত সোমবার রাতে ভাঙা সেতুটি খালে ধসে পড়েছে। এতে ওই পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।
নান্দাইল চৌরাস্তা-তাড়াইল সড়কের গাঙ্গাইল বাজারের দক্ষিণ পাশ থেকে একটি পাকা রাস্তা পাছ-দরিল্লা গ্রামের ভেতর দিয়ে কালীগঞ্জ বাজারে চলে গেছে। আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় চলাচলে এ রাস্তা ব্যবহার করেন। তাছাড়া কালীগঞ্জ বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। সেখানে ব্যাংকসহ রয়েছে বিভিন্ন ধরনের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। গ্রামের মানুষ এ পথে তাদের উৎপাদিত কৃষিপণ্য আশপাশের বাজারে নিয়ে বিক্রি করেন।

রাস্তাটির মাঝখানে পাছ-দরিল্লা গ্রামে দুল্লী খালের ওপর প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি পাকা সেতু ছিল। স্থানীয় এলজিইডি অফিস ১৯৮৮ সালে এটি নির্মাণ করে। চার বছর আগে সেতুটির দক্ষিণ পাশের শুরুর ডান দিকে পাটাতনের আরসিসি ঢালাইয়ের কিছু অংশ ধসে পড়ে যায়। ধারণক্ষমতার বেশি মালপত্র নিয়ে যানবাহন চলাচল করায় এ ধস নামে বলে জানান স্থানীয়রা। এরপর থেকে ছোট যানবাহনসহ পথচারীরা ঝুঁকি নিয়ে সেতুর বাকি অংশ দিয়ে পারাপার হচ্ছিলেন।
স্থানীয়দের আবেদনের পরও সেতুর ভাঙা অংশ মেরামত বা সেখানে নতুন কোনো সেতু নির্মাণ করা হয়নি। এ অবস্থায় গত সোমবার রাতে কোনো এক সময় সেতুটির দক্ষিণ অংশ নিচে ধসে পড়ে। এখন পথচারীদের কেউ কেউ ঝুঁকি নিয়ে ধসে পড়া ঢালু সেতু দিয়ে হেঁটে পার হলেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সোহবার ও আরজু মিয়া জানান, বর্ষার পানি প্রবল বেগে নামার কারণে রাস্তার দক্ষিণ পাশের মাটি সরে যাওয়াতেই সেতুটি ধসে পড়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক হারিছ উদ্দিন ভূঁইয়া জানান, রাস্তাটির উভয়পাশে প্রচুর আবাদি জমি থাকায় কৃষকরা ধান মাড়াই করে এ পথে বাড়িতে নিয়ে যান। তাছাড়া গ্রামের মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য এ পথে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন। এখন সেতুটি ধসে পড়ায় তারা বিড়ম্বনায় পড়বেন।

রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন জানান, সেখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য তিনি অনেক জায়গায় আবেদন করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি।
গতকাল মঙ্গলবার যোগাযোগ করলে নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, সেখানে একটি নতুন সেতু নির্মাণের জন্য আগে প্রস্তাব পাঠানো হয়েছে, তার কোনো আপডেট নেই। সেতুটি ধসে পড়ার পর স্থানীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিমন্ত্রী আপাতত সেখানে একটি অস্থায়ী সেতু নির্মাণের নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

×