বেতনের দাবিতে দুই দফা সড়ক অবরোধ
বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকরা গতকাল বুধবার দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকরা দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে এমসি বাজার হতে শিশু পল্লি আঞ্চলিক সড়কের ইউনিয়ন মোড়ে যান চলাচল ব্যাহত হয়।
বিকেলের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে প্রথম দফায় সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন শ্রমিকেরা। তবে সন্ধ্যা ৬টার মধ্যে বেতন না পাওয়ায় সোয়া ৬টার দিকে তারা আবার সড়কে নেমে অবরোধ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকদের সেখানে অবস্থান করতে দেখা যায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি কারখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বেতন দেওয়ার কথা থাকলেও টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। গতকাল সকালে কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বেতন পরিশোধের দাবি জানান। পরে দাবি পূরণ না হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এমসি বাজার হতে শিশু পল্লি আঞ্চলিক সড়কের ইউনিয়ন মোড়ে অবরোধ শুরু করেন। দুপুর ৩টা পর্যন্ত সড়কে অবস্থান করার পর বিকেলের মধ্যে বেতন দেওয়ার আশ্বাসে তারা কারখানার ভেতরে ফিরে যান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পেয়ে সন্ধ্যায় আবারও সড়ক অবরোধ করেন।
তারা জানান, সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে গত শনিবারও দুপুর থেকে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন তারা। ওই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎপাদন বন্ধ রেখে অবস্থান নেন শ্রমিকেরা। পরে কারখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার বেতন পরিশোধের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু নির্ধারিত তারিখে বেতন না পাওয়ায় গতকাল আবারও কর্মবিরতি ও সড়ক অবরোধে নামতে বাধ্য হন তারা।
কারখানার শ্রমিক রাহেলা খাতুন বলেন, তারা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। কিন্তু বেতন দেওয়ার আশ্বাস পেলেও তা বাস্তবায়ন করা হয়নি। বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন। আরেক শ্রমিক আনোয়ারা বেগম বলেন, এটা আমাদের কর্মস্থল। আমরা এখানে আন্দোলন করতে আসিনি, কাজ করতে এসেছি। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন চাই।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ওসি স্বপন কুমার বলেন, অবরোধের খবর পেয়ে থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন জটিলতার কারণে গত মঙ্গলবার সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।
- বিষয় :
- দাবি