ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুই মাদককারবারিকে ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

দুই মাদককারবারিকে ছিনিয়ে নিতে ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য
×
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২২:৩১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ২২:৩৩

আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে তাদের সহযোগীরা। তারা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় রামদায়ের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক।

আহত টিএসআই নুরুল ইসলাম জানান, স্টেশনের ২ নম্বর গেট এলাকা থেকে স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ী আনিসুর রহমান ও শিমলাকে ধরে আমাদের খবর দেয়। পরে তাদের আমরা ফাঁড়িতে নিয়ে আসি। কিছুক্ষণ পরই সেখানে জড়ো হতে থাকেন আটক দুজনের সহযোগীরা। তারা রামদা, হাঁসুয়া, চাপাতি ও ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ফাঁড়িতে চড়াও হয়। এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তারা। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে আহত তিনি ও কনস্টেবল আশিক খান। তবে শেষ পর্যন্ত আটক দুজনকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা যায়। এ সময় ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা গেছে। হামলাকারীদের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা নামলেই জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আশপাশে মাদক ব্যবসায়ীদের তৎপরতা বাড়ে। স্টেশনের প্রবেশপথ ঘিরে চলে মাদক বেচাকেনা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, ময়মনসিংহের গফরগাঁও থানার মাইজদি গ্রামের হারেস উদ্দিনের ছেলে আনিসুর রহমান ও গাজীপুর সদরের সেলিম মিয়ার মেয়ে শিমলাকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের রেলস্টেশন সংলগ্ন ফাঁড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই ১০-১২ জনের একদল মাদক ব্যবসায়ী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ফাঁড়িতে হামলা চালায়। তারা আটক দুই মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে হামলাকারীরা ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ সদস্যদের হুমকি দেয়। তাদের রাম দায়ের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, হামলায় আহত দুই পুলিশ সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ফাঁড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×