ঝিনাইদহ
চালাচ্ছিলেন অনলাইন জুয়া, বাবা ও ছেলে আটক
আটক ফাতিউল আলম ও তার বড় ছেলে আকাশ আলী। ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:২৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:৩১
বাবা ও দুই ছেলে মিলে ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতেই দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন অনলাইন জুয়ার আসর। নিজ বাড়িতে আটটি কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে দেশে ও বিদেশের বিভিন্ন জুয়ার সাইটের মাধ্যমে জুয়া খেলা হত। তবে সেই অনলাইন জুয়া খেলার সরঞ্জাম, কম্পিউটার, মোবাইলসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন পদ্মপুকুর গ্রামের ফাতিউল আলম (৫৬) এবং তার বড় ছেলে আকাশ আলী (২৬)। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় ছোট ছেলে পলাশ হোসেনসহ (২৩) অন্যরা।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই গ্রামের ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাশ হোসেন পালিয়ে যায়। কিন্তু ঘটনাস্থল থেকে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ফাতিউল আলম ও তার বড় ছেলে আকাশ আলীকে আটক করা হয়।
তিনি আরও জানান, তখন ওই ঘর থেকে আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, ইউপিএস দুইটি, জুয়ার কাজে ব্যবহৃত রাউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এই খেলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে; তা উদ্ধারে অভিযান চলমান আছে। আটক বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা করে তাদের মহেশপুর থানায় হস্তান্তর কাজ চলমান আছে।
- বিষয় :
- ঝিনাইদহ