৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ১৪:৫৭
গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল ১০টার দিকে মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়া নেওয়া ডিবিএল গ্রুপের সুতার গোডাউনেও ছড়িয়ে পড়ে। এ ছাড়া গোডাউনে থাকা ঝুটও পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুনের খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, সারাবো, ইপিজেড ও ভোগড়া বাইপাস ফায়ার স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আমার দেশ এগ্রো লিমিটেডের কেয়ারটেকার আবুল কালাম আজাদ অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের অবহেলার কারণে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি বলেন, গোডাউনে ভারতীয় ও লেকরা সুতা ছিল। এসব সুতার প্রতি কেজির দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান (পিএফএম) বলেন, ঘটনাস্থলে যাওয়ার রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে সময় লাগে। পানির সংকটের কারণেও আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
- বিষয় :
- গাজীপুর
- পোশাক কারখানা
- আগুন নিয়ন্ত্রণ