চার ঘর তছনছ, গাছপালা কাটা হলো অর্ধশতাধিক
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৯:১৮
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিসংক্রান্ত বিরোধ ও গাছ থেকে চালতা পাড়া নিয়ে দ্বন্দ্বে এক পরিবারের বাড়িঘরে হামলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রামদী ইউনিয়নের হাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলাকারীরা তাদের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও নলকূপও লুটে নিয়েছে। এমনকি কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক গাছ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন হাড়িয়াকান্দা গিয়ে জানা যায়, ওই গ্রামের কৃষক জয়নাল আবেদীনের সঙ্গে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে তাঁর চাচা আবদুল ওয়াদুদের। বুধবার জয়নালের বাড়ির একটি গাছ থেকে ওয়াদুদের পরিবারের লোকজন চালতা পাড়েন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ঝগড়া বেধে যায়।
এরই এক পর্যায়ে ১০-১২ জন সশস্ত্র যুবক জয়নালের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির চারটি ঘর কুপিয়ে তছনছ করে। জয়নাল আবেদীনের অভিযোগ, হামলায় তাঁর চাচা আবদুল ওয়াদুদের ছেলে হাতিম মিয়া (৫২), হাতিমের ছেলে আসাদুল্লাহ (২৮) ও আফজাল (২৫) নেতৃত্ব দেন। রামদা, রড, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে তারা হামলায় অংশ নেন। জয়নালের দাবি, সম্প্রতি এনজিও থেকে তোলা ২ লাখ টাকাসহ নগদ প্রায় পৌনে ৪ লাখ টাকা হামলাকারীরা লুটে নেয়। এ ছাড়া দেড় ভরি ওজনের স্বর্ণালংকারও তারা নিয়ে যায়। এ সময় আম, জাম, কাঁঠাল, পেঁপে, কাঠবাদামমসহ ৫০টির বেশি ফলদ গাছ কেটে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাতিম মিয়া বলেন, ‘বুধবার জয়নাল আমার বাবাকে (আবদুল ওয়াদুদ) মারধর করে। এ কারণে আমাদের ছেলেরা জয়নালের বাড়িতে গিয়েছিল। আমি ওদের বাধা দিতে গিয়েছিলাম।’
- বিষয় :
- গাছ কাটা