লক্ষ্মীপুরের ৫ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২১:০৪
এইচএসসি ও সমমানের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে লক্ষ্মীপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, লক্ষ্মীপুর জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন শিক্ষার্থী। মোট ৮ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৬২৪ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ১৫৩ জন।
জেলায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি এমন পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও ক্যামব্রিজ সিটি কলেজ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাতজন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিনজন, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে দু’জন এবং ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাঁচ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
এ বিষয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, নিয়মিত ক্লাস না হওয়া ও প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ পর্যালোচনার দাবি জানান।
তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমাদের এখানে কোনো শিক্ষক নেই। কোনোভাবে অতিথি শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো হয়। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগের অভাব রয়েছে।
জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা গৌতম চন্দ্র মিত্র জানান, পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেজবা উল আলম ভুঁইয়া বলেন, ‘শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, সেসব প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- লক্ষ্মীপুর