ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এমপিকে উপজেলা বিএনপির সভাপতি

‘ওঁর প্যান্ট–টাই খুলে নিতে না পারলে আর রাজনীতি করব না’

‘ওঁর প্যান্ট–টাই খুলে নিতে না পারলে আর রাজনীতি করব না’
×
×

ছবি-সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ১৯:৪০

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে ব্যাংক ড্রাফট ও খাদ্য গুদাম থেকে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। গত আট-নয় মাসে এমপি কোথা থেকে কত টাকা নিয়েছেন, কোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট জমা হয়েছে, তার সব তথ্য-প্রমাণ ও ব্যাংক ড্রাফটের নম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে এমপির বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেছেন বুলেট।

সম্প্রতি বিএনপি নেতার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে রবিউল আলম বুলেটকে বলতে শোনা যায়, মহাদেবপুরে বিএনপির নামে আলাদা সাইনবোর্ড লাগিয়ে কার্যালয় করা হয়েছে। আগামী ৭ নভেম্বরের কর্মসূচি শেষে ওই সাইনবোর্ড টেনে খুলে ফেলে দেওয়া হবে।

বক্তব্যে তিনি বলেন, দলের চেয়ারম্যান (তারেক রহমান) তাঁদের সুসংগঠিত থাকার নির্দেশ দিয়েছেন। জনগণের বিশ্বাস অর্জন করতে হলে নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। তাঁরা সেই নিয়ম মেনেই চলছেন। এতদিন স্থানীয় সরকার নির্বাচনের কথা বিবেচনা করে মুখ খোলেননি।

সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বুলেট বলেন, ‘আমি শুনেছি, একটি প্রোগ্রামে উনি (এমপি) নাকি বক্তব্য দিয়েছেন, আমরা প্রত্যেকটি ইউনিয়নে চিঠি দিয়ে টাকা চেয়েছি। আমাদের চিঠির বিনিময়ে জবাব দিক, কোন ইউনিয়নের কাছে আমরা টাকা চেয়েছি? আর এমপি সাহেব কার কাছে টাকা চেয়েছেন, তার প্রমাণসহ হাজির হব মহাদেবপুরের মানুষের কাছে। অপেক্ষা করেন, ওঁর (এমপি) প্যান্ট–টাই এই মহাদেবপুরের মাটিতে আমি যদি খুলে নিতে না পারি, আর কোনো দিন রাজনীতি করব না।’

তিনি আরও বলেন, গত আট-নয় মাসে সংসদ সদস্য কোথা থেকে কত টাকা নিয়েছেন এবং কোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট জমা হয়েছে, তার সব হিসাব ব্যাংক ড্রাফটের নম্বরসহ তারেক রহমানের কাছে উপস্থাপন করবেন। মহাদেবপুর থানা এলাকায় ব্যাংক ড্রাফটসংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলেও রাজনীতি করবেন না বলে জানান তিনি।

ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের উদাহরণ টেনে বুলেট বলেন, শেখ হাসিনার কাছে পুলিশ, আর্মি, বিজিবি, প্রশাসন ও ক্ষমতা ছিল। কিন্তু জনগণের কাছে তিনি টিকে থাকতে পারেননি। সংসদ সদস্য যত ক্ষমতাধরই হোন না কেন, তাঁর সঙ্গে পুলিশ কিংবা সিভিল প্রশাসন থাকলেও জনগণের শক্তির চেয়ে বড় কিছু নয়।

বর্তমান সংসদ সদস্যের সমালোচনা করে উপজেলা বিএনপি সভাপতি আরও বলেন, আট-নয় মাসের সংসদ সদস্য হয়ে জেল থেকে বাঁচতে তাঁর প্রতিনিধিকে ইউএনওর পা ধরতে হয়েছে। সেই ইতিহাস সবার জানা। ইউএনও ওই প্রতিনিধিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর পা ধরে ক্ষমা চাওয়া হয়। এখন বাইরে এসে বড় বড় কথা বা ‘লম্বাগিরি’ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এমপির টকশোতে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন বুলেট। তিনি বলেন, সংসদ সদস্য টকশোতে দাবি করেন, ডিসি তিন কোটি টাকা নিয়েছেন। কিন্তু ডিসি কি সংসদ সদস্যের অধীন? সরকার কি সংসদ সদস্যের? ডিসি টাকা নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? এসব কথা টকশোতে বলা গেলেও জনগণকে বোঝানো যাবে না, এমনটি ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সাবেক সংসদ সদস্য সেলিমের সময়ের সঙ্গে তুলনা করে রবিউল আলম বুলেট বলেন, বিগত পাঁচ বছরে সেলিম যা করেননি, তাঁর ধারণা, গত আট-নয় মাসেই বর্তমান সংসদ সদস্য তার চেয়ে বেশি দুর্নীতি করেছেন। একটি খাদ্য গুদাম থেকেই তিনি তিন কোটি টাকার বেশি নিয়েছেন বলে অভিযোগ করেন বুলেট। কোনো কাজ না করেই কীভাবে কাজের বিল তোলা হয়েছে, তার সব হিসাব সময়মতো জনগণের সামনে তুলে ধরার কথাও জানান তিনি।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, এ বিষয়ে সময়মতো কথা বলবেন।

অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, রাজনীতিতে থাকলে মানুষ এমন রাজনৈতিক কথা বলবেই। বাংলাদেশ এখন তথ্যপ্রবাহের ক্ষেত্রে স্বাধীন এবং বিএনপি সবকিছু উন্মুক্ত করে দিয়েছে। তাই লুকোচুরির কিছু নেই। যার কাছে অডিও বা বক্তব্য রয়েছে, তিনি প্রমাণসহ জাতির সামনে আসুন।

তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে নতুন নই। রাজনীতি করতে গেলে অনেকেই অনেক কথা বলবে। আপনারা স্বাধীনভাবে খোঁজ নিয়ে নিজেদের মতো রিপোর্ট করতে পারেন।’

আরও পড়ুন

×