ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক 

দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক 
×
×

জামিন পাওয়া বিদেশি নাগরিকরা। ছবি-সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ২০:৩০ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ২০:৫৬

বিপুল আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে করা সাইবার মামলায় কক্সবাজারে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়।

বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মন্নান বিষয়টি নিশ্চিত করে জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিন পাওয়া ছয়জন হলেন- তাইওয়ানের নাগরিক ওয়েই ছিং ওয়েন, চীনের নাগরিক সু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, সু হাইয়াং, উ চিয়ানশিয়ং এবং ঝাং ঝেমিং।

গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের হোটেল সি প্যালেস থেকে ওই ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ, ৫০টি মনিটর, ৪৪টি কম্পিউটার, ৩০টি কিবোর্ড ও ৪০টি মাউসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া চীনের দুটি জাতীয় পতাকা, চীনা পুলিশের ব্যাজ, বিভিন্ন ধরনের ডায়েরি ও যোগাযোগের সরঞ্জামও উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামু থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানো হয়। 

আরও পড়ুন

×