ফার্মেসিতে পাওয়া যাবে ল্যাকটোজ কমযুক্ত দুধ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ২২:৪১
ল্যাকটোজ হজমে সমস্যার কারণে যাঁরা সাধারণ দুধ পান করে পেট ফাঁপা, গ্যাস ও অস্বস্তিতে ভোগেন, তাঁদের জন্য কম ল্যাকটোজযুক্ত দুধের বিকল্প বাজারে রয়েছে। এ ধরনের দুধ এখন ঢাকার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে।
এ লক্ষ্যে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার বিতরণে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আরলা ফুডস বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ঢাকার ফার্মেসিগুলোতে পণ্যটির বিতরণ কার্যক্রম পরিচালনা করবে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এটি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, হেড অব সেলস মাহের-ই-খোদা এবং হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন উপস্থিত ছিলেন। ফার্মা সল্যুশন্স বাংলাদেশের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস অশোক কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।
দুধে থাকা ল্যাকটোজ এক ধরনের প্রাকৃতিক শর্করা। অনেকের শরীরে এটি হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। ফলে দুধ পান করলে পেট ফাঁপা, গ্যাস ও পেটে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়।
আরলা ফুডস বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণ ফিলড মিল্ক পাউডারে ল্যাকটোজের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ। ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডারে তা কমিয়ে প্রায় ৩ শতাংশ করা হয়েছে। তবে এতে প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি৩-এর মতো পুষ্টি উপাদান রয়েছে।
আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, হজমজনিত অস্বস্তির কারণে কেউ যেন প্রয়োজনীয় দুগ্ধজাত পুষ্টি থেকে বঞ্চিত না হন, সেটিই তাঁদের লক্ষ্য। ফার্মেসির মাধ্যমে পণ্যটি সরবরাহের ফলে ল্যাকটোজ হজমে সমস্যায় ভোগা ব্যক্তিদের কাছে এটি সহজে পৌঁছাবে।
ফার্মা সল্যুশন্স বাংলাদেশের চেয়ারম্যান একরাম হোসেন বলেন, ঢাকাজুড়ে পণ্যটি পৌঁছে দিতে তাঁদের স্বাস্থ্যসেবা পণ্য বিতরণ নেটওয়ার্ক ব্যবহার করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকাতেও বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ল্যাকটোজ হজমে সমস্যায় ভোগা ব্যক্তিরা অনেক সময় দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন। তাঁদের জন্য কম ল্যাকটোজযুক্ত দুধ একটি বিকল্প হতে পারে। তবে এ ধরনের দুধেও ল্যাকটোজ পুরোপুরি অনুপস্থিত নয়।
- বিষয় :
- দুধ