ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার
×
×

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ২৩:৩৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ২৩:৩৯

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের অভিবাসী শ্রমিক; বিশেষ করে নারী শ্রমিকদের অভিবাসন গন্তব্যে অবর্ণনীয় কষ্টের শিকার হতে হয়। প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমে নীতিমালা বাস্তবায়নের সঙ্গে অভিবাসন গন্তব্য দেশগুলোর সঙ্গে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আলোচনা করতে হবে। বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে।

আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘অভিবাসন, অধিকার ও উন্নয়নবিষয়ক ককাসের উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা। এই রেমিট্যান্সের পেছনে লুকিয়ে আছে আমাদের সাধারণ নাগরিকদের কষ্ট ও সীমাহীন দুঃখ-দুর্দশা।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে বিদেশে কর্মী প্রেরণে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। শ্রমিক প্রেরণে অব্যবস্থাপনা এবং দালালদের দৌরাত্ম্যের কারণে বিগত বছরগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাস কর্মী প্রেরণ বন্ধ রয়েছে। এই সর্বদলীয় ককাসের মাধ্যমে সংসদ সদস্যরা বিদেশে কর্মী প্রেরণে সহায়তা এবং সরাসরি মাঠপর্যায়ে অভিবাসন আইনের সঠিক বাস্তবায়ন তদারকি করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির চালিকাশক্তি। প্রবাসী শ্রমিকরা অভিবাসন গন্তব্যে দীর্ঘমেয়াদে নিপীড়ন ও শোষণের শিকার হয়ে আসছেন। কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে অভিবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণে পদক্ষেপ নিতে হবে।

সংসদীয় ককাসের সভাপতি এবিএম মোশাররফ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ককাস সচিবালয়ের সভাপতি সৈয়দ সাইফুল হক। উদ্বোধনী বক্তৃতা দেন সংসদীয় ককাসের মহাসচিব মাহমুদা হাবিবা এমপি। আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিকুর রহমান, উইটনেস ফাউন্ডেশনের সভাপতি শিপা হাফিজা, আইএলও’র জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শাহরিন মুনির এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দিপ্তা রক্ষিত। 

বক্তারা প্রবাসীদের নিরাপদ অভিবাসন, মনোসামাজিক ও আর্থসামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, মানবপাচার বন্ধে সরকারের অভিবাসন নীতির প্রয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

×