ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে পদ্মার ২০ অবৈধ বাঁধ অপসারণ, স্বস্তিতে জেলেরা

চরভদ্রাসনে পদ্মার ২০ অবৈধ বাঁধ অপসারণ, স্বস্তিতে জেলেরা
×
×

ছবি: সংগৃহীত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৬:১৬

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দেওয়া ২০টি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার অভিযান চালিয়ে এসব বাঁধ অপসারণ করা হয়। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মা নদীর চর শালিপুর ও সিট মির্জাপুরের খাঁ এলাকায় অবৈধভাবে এসব বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাঁধের কারণে নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে মাছের স্বাভাবিক বিচরণ ও উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ জেলেরা মাছ শিকার করতে পারছিলেন না। এ ছাড়া স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে নদীতে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ ছিল।

এ পরিস্থিতিতে অবৈধ বাঁধ অপসারণের দাবিতে ভুক্তভোগী জেলেরা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এবং অবৈধ বাঁধ অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।

এরপর শুক্রবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২০টি অবৈধ বাঁধ অপসারণ করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। এ সময় সশস্ত্র আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাঁধ অপসারণের পর স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, বাঁধগুলো অপসারণ করায় এখন মাছের স্বাভাবিক বিচরণ ও মাছ ধরার সুযোগ বাড়বে।

আরও পড়ুন

×