মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
ফাইল ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ২১:৪৪
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে চুরির অপবাদ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন গোলাপী বেগম নামে এক নারীকে (৬২) গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরে গুরুতর আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর দুপুরের দিকে বাড়ির মোটর ও ছাগল চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন গোলাপী বেগমকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসেন প্রতিবেশী সাদা মিয়া। এরপর তাঁকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে উপর্যুপরি শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় আশপাশে উপস্থিত কয়েকজন নারী-পুরুষও তাঁকে মারধরে উৎসাহিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে নির্যাতনের একটি ১৪ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অভিযুক্ত সাদা মিয়া হাতে বাঁশের কঞ্চি দিয়ে গোলাপী বেগমকে বেধড়ক পেটাচ্ছেন এবং পাশে দাঁড়িয়ে থাকা অন্যরা তাতে উস্কানি দিচ্ছেন।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোলাপী বেগমকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত উল্লেখ করে তিনি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ উর রহমানের নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শুক্রবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, মানসিক ভারসাম্যহীন গোলাপী বেগমকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।