চিনি চিটা ও রাসায়নিকে তৈরি ‘খেজুর গুড়ে’ প্রতারিত ক্রেতা
সনি আজাদ, চারঘাট (রাজশাহী)
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৮:৩৩
| প্রিন্ট সংস্করণ
‘আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। আমরা যতটুকু গুড় তৈরি করি; অনলাইন বিক্রেতারা বাড়ি থেকে এসে তা কিনে নিয়ে যান।’ কথাগুলো গাছি রফিকুল ইসলামের। সম্প্রতি কথা হয় রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের এই বাসিন্দার সঙ্গে। তিনি আফসোসের সুরে বললেন, ‘খেজুরের গুড়ের সেই স্বাদ ও গন্ধ এখন আর নেই। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারছি না।’
রফিকুল ইসলামের কথার সত্যতা মেলে সমকালের অনুসন্ধানেও। জেলার চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে দেড় শতাধিক খেজুর গুড় তৈরির কারখানা। এসব কারখানায় উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, কাপড়ের রং, আটা, রাসায়নিক পদার্থ, ভেষজ নির্যাস ও খেজুর গুড়ের কৃত্রিম ফ্লেভার। এসব উপাদান মিশিয়ে রাতারাতি তৈরি হচ্ছে শত শত কেজি গুড়। প্রতিদিন শত শত মণ ভেজাল গুড় এভাবে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে।
স্থানীয় সূত্রগুলো জানায়, শীত মৌসুমের শুরুতেই এক শ্রেণির মৌসুমি ব্যবসায়ী কারিগর ভাড়া করে কারখানা চালু করেন। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এলাকায় এ ধরনের কারখানার বিস্তার ঘটেছে। একইভাবে পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকাতেও তৈরি হচ্ছে রাসায়নিক মিশ্রিত গুড়। প্রতিটি কারখানায় এক রাতেই তৈরি হচ্ছে ২০০-৩০০ কেজি গুড়।
ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান চালিয়েও সুফল মিলছে না বলে প্রশাসনের কর্মকর্তাদের দাবি। গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা ও ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। তিনি ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়।
গাছ কমলেও গুড় বাড়ছে
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় খেজুরগাছের সংখ্যা ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি ও বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। এই তিন উপজেলায় খেজুরগাছের সংখ্যা জেলার প্রায় তিন-চতুর্থাংশ। তবে প্রতিবছর এ জেলায় খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাত বাড়ছে অস্বাভাবিক হারে।
পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট। প্রতিদিন এখানে বিক্রির জন্য আনা হয় ১০০ থেকে ১১০ টন গুড়। সপ্তাহে দুদিন বড় হাট বসে। এ দুইদিনে আমদানি বেড়ে ১২০ থেকে ১৫০ টনে ওঠে। এ ছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়।
যেভাবে তৈরি হয় ভেজাল গুড়
চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় দেখা গেছে, লোকচক্ষুর আড়ালে নয়; অনেক জায়গায় প্রকাশ্যে বাড়ির আঙিনায় চলছে গুড় তৈরি। টিনের বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। কিছুক্ষণ পর তাতে মেশানো হয় আটা, খেজুর গুড়ের নির্যাস, হোটেলের মিষ্টির রস, রং ও নানা রাসায়নিক পদার্থ। পরে নির্দিষ্ট প্রক্রিয়ায় ঠান্ডা করে তৈরি গুড়ের নাম হয়ে যায় ‘খেজুর গুড়’। অথচ এতে থাকে না খেজুরের রস।
প্রকৃত খেজুরের গুড় তৈরিতে যুক্ত একাধিক কারিগর বলেন, নানা কারণে আগের মতো খেজুরগাছে রস মিলছে না। রসের পরিমাণ কমে যাওয়ায় খাঁটি গুড় তৈরি করাও কঠিন। উৎপাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এতে খেজুর গুড়ের স্বাদ কিছুটা বজায় থাকে।
চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলামের ভাষ্য, ভেজাল গুড়ে রাসায়নিক ফ্লেভার মেশানোর কারণে আসল গুড়ের চেয়ে ঘ্রাণ বেশি হয়। অথচ আসল গুড় তৈরি অনেক কষ্টের কাজ। বড় আড়তদাররা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে শত শত মণ রাসায়নিক গুড় তৈরি করাচ্ছেন।
গুড়ের সঙ্গে অনুমোদনহীন কোনো উপাদান মেশানো ঠিক নয় বলে মনে করেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা। তিনি বলেন, রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের গুড় ব্যবহার হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
চারঘাটের ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় খেজুর গুড়ে ভেজাল মেশানোর বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন।
- বিষয় :
- গুড়