নওগাঁয় ৮ হাজার আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কেটে ফেলা আমগাছের সামনে দাঁড়িয়ে এক আমচাষি- সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:০৬
নওগাঁর সাপাহারে গাছের সঙ্গে শত্রুতা করে ১২ আমচাষির প্রায় ৬০ বিঘা জমির ওপর রোপন করা প্রায় ৮ হাজার আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তেরা।
বুধবার ভোরের এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমচাষিরা জানিয়েছেন।
খবর পেয়ে বিকেলে সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বুধবার ভোরে দুর্বৃত্তরা উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে মাঠে রোপন করা একাধিক ব্যক্তির ৬০ বিঘা জমির প্রায় ৮ হাজার আমগাছ কেটে ফেলেন। সকালে বাগানের মালিকরা বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। এ ঘটনা জানাজানি হলে এলাকার শত শত উৎসুক মানুস ওই বাগান এলাকায় ভিড় জমায়।
কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে- এ বিষয়ে বাগান মালিকরা বলছেন তারা কিছু জানেন না। তবে কোনও বাগান মালিকের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে; এ কারণে এমনটা হতে পারে বলে ধারনা তাদের।
উপজেলার আমচাষিরা ধারণা করছেন, কেটে ফেলা আমগাছগুলো হতে আগামী আমের মৌসুমে প্রায় এক কোটি টাকার আম কেনা-বেচা হতো। হঠাৎ করে বড় ধরনের ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকগণ চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলার হাজার হাজার আমচাষি গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
উপজেলা নিবার্হী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, যে এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনা তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার জন্য থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
